ঢাকা | বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসম্বলিত একটি ভিডিও প্রকাশ হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও অভিযোগ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, ১৯৯০ সালের ‘কর্মচারী চাকরি প্রবিধান’-এর বিধি ৩৫(খ) ও ৩৫(ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সতর্কতামূলকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন। পাশাপাশি তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে; হাজিরা প্রদানের ভিত্তিতে খোরাকি ভাতা পরিশোধ করা হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

অন্যদিকে, অধিদফতরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন) পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশটি অবিলম্বে কার্যকর বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।