ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

জামায়াত ইসি ও স্পিকারের কাছে ব্যবস্থা দাবি, গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান নির্বাচন কমিশনার এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন করেছে। চিঠির একটি অনুলিপি স্পিকারের দফতরেও পাঠানো হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত ওই চিঠিটি ২৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৌঁছায়। চিঠিতে জানানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে করা সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের বিরুদ্ধে যে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছিল তা প্রমাণিত হয়েছে।

সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারার আলোকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২২ জুলাই আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চিঠিতে নির্বাচন কমিশনকে অবহিত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে দল এই ঘটনার তথ্য সংসদীয় কর্তৃপক্ষের নজরে আনায় গুরুত্বারোপ করেছে।