ঢাকা | বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরୀণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত একটি ভিডিও প্রকাশ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিও কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধান, ১৯৯০-এর বিধি ৩৫(খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালের সময়ে এ কে এম আরিফ উদ্দিনকে বিধি অনুযায়ী খোরাকি ভাতা দেওয়া হবে। একই সঙ্গে আদেশে বলা হয়েছে, তিনি বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দেবেন; হাজিরা প্রদান সাপেক্ষে তাঁর খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন) পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই অফিস আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।