ঢাকা | শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

টানা তিন দফা কমানোর পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা দাম কমানোর পর দেশের বাজারে আবার বাড়িয়েছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম রাখা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতনী পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সংগঠনটি জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে।

এর আগে গতকাল বুধবার বাজুস এক দফা সমন্বয়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৭ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৬ দফা এবং কমানো হয়েছে ৩১ দফা।