ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

খেলাপি ঋণসহ ঝুঁকি শনাক্তে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি আগে থেকেই শনাক্ত ও নিয়ন্ত্রণের লক্ষ্যে তদারকি জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে তফসিলি ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বতী প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিভাগ‑২) থেকে এ স্মারক সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক‑কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী নিরীক্ষা বছরের নবম মাসভিত্তিক একটি অন্তর্বতীকালীন প্রতিবেদন তৈরি করে নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। ২০২৫ সালভিত্তিক ও পরবর্তী সময়ের সব প্রতিবেদনও একই নিয়মে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে যে ব্যাংকিং তদারকি আন্তর্জাতিক মানে উন্নীত করতে সুপারভিশন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। এর অন্যতম প্রধান অংশ হচ্ছে ঝুঁকিভিত্তিক তদারকি বা রিস্ক‑বেইজড সুপারভিশন (RBS) কার্যকর করা।

নতুন ব্যবস্থায় সব ব্যাংককে একরকমভাবে না দেখে যেসব ব্যাংকের ঝুঁকি বেশি, সেগুলোর ওপর তদারকি বাড়ানো হবে। ফলে সম্ভাব্য আর্থিক দুর্বলতা, অনিয়ম ও খেলাপি ঋণের ঝোঁক আগে থেকে চিহ্নিত করা যাবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এ ধরনের নজরদারি কার্যকরভাবে বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে ঋণজনিত ঝুঁকি কমবে এবং সামগ্রিকভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তহবিল সংরক্ষণের মান উন্নত হবে।