ঢাকা | বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় ‘ক্রাশ’ কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্দেশ্যে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বলা হয়েছে, এ কর্মসূচি পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সম্প্রসারিত করা হবে যাতে জনগণ স্বপ্রণোদিত হয়ে এতে অংশ নেয়।

শনিবার (১৪ মার্চ) খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নং ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কার্যক্রমের লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এটি একটি প্রস্তুতিমূলক ও বিশেষ কর্মসূচি। আমরা এমনভাবে কাজ চালাবো যাতে সাধারণ মানুষও সচেতন হয় এবং নিজ উদ্যোগে পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে। শহরের নর্দমা ও জলাবদ্ধতা দূরীকরণসহ সরাসরি মশক নিধন কার্যক্রম সিটি কর্পোরেশন নিশ্চিত করবে।

প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশন নর্দমাসমূহ পরিষ্কার করবে — তবে জনগণেরও দায়িত্ব আছে; নর্দমায়, পুকুরে বা যেকোনো জলাশয়ে বর্জ্য ফেলা যাবে না। তিনি পরিচ্ছন্নতা কাজে জড়িত সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।

তিনি বলেন, সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই এই মরণঘাতী রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়।

অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামসেদ খোন্দকার, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।