ঢাকা | বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

স্বর্ণের দাম আরও কমল, ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়

একদিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার সকাল ১০টা থেকে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা করে কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ঢুকেছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য কমানোর ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যের আওতায় ২১ ক্যারেটের প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। অলঙ্কারের ক্ষেত্রে ডিজাইনের ওপর নির্ভর করে মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি, পাথর ও নির্দিষ্ট ভ্যাট বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজে বাজুসের আগের নিয়মগুলি বলবৎ থাকবে।

উল্লেখ্য, গতকালও বাজুস দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬টাকায়। সেই সমন্বয়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৪ দফা, কমানো হয়েছে ৪৬ দফা এবং ১ দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রুপার বাজার দর প্রতি ভরি: ২২ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতি ২ হাজার ৮৫৮ টাকা।