ঢাকা | বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল।

সভায় জানানো হয় যে, দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে—শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, জিরোপয়েন্ট, কুয়েট সংলগ্ন এলাকা, রূপসা মোড় ও নতুন রাস্তা—জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।

দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভবঘুরেদের আবাসস্থলসমূহে প্রীতিভোজের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক সময়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নিহত শহিদদের পরিবার, আহত ছাত্র ও সাধারণ জনতা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভায় প্রতিটি অনুষ্ঠানের নিরাপত্তা, সার্বিক সহযোগিতা ও সময়সূচি সমন্বয়ের দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।