ঢাকা | বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

প্রতারণার মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে আদালত কারাগারে পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) এই আদেশ দেন সংশ্লিষ্ট আদালত।

এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়।

নথিপত্র অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা দিতে আদালতে হাজির হতে বলা হয়েছিল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০ মে ওই ঘটনায় সমন জারি করেন এবং ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

আদালত অভিযুক্তদের আইনি জবাব দেয়ার সুযোগ হিসেবে ১৭ জুন তাদের সশরীরে বা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে অভিযোগে ব্যাখ্যা দিতে বলেছিলেন। নির্ধারিত সময় তারা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং একদিন পর আদালত জোবায়েরকে কারাগারে প্রেরণ করেন।

পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের (ঋভু), শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী।