ঢাকা | বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাড়ে দাঁড়ান: প্রধানমন্ত্রীর পরামর্শ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নিয়ে অস্বাভাবিক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান।

তিনি বলেন, মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনের জন্য ফ্লোরিডা সফরের প্রস্তাব সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে মশক দমন ও নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি সরেজমিনে দেখার কথা উল্লেখ করা হয়।

প্রস্তাবিত সফরের ব্যয় বহনের আগ্রহ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি। সফরের উল্লিখিত উদ্দেশ্য ছিল মশক দমন ও নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রযুক্তি ও কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা।

তবে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রীরা বলেন, মশক নিধনের কৌশল শিখতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জলাবদ্ধ বা ডোবার পাড়ে দুই-তিন ঘণ্টা দাঁড়িয়ে মশার উপদ্রব ও মোকাবিলার বাস্তব চিত্র সরাসরি বোঝা যায়—এ থেকেই প্রয়োজনীয় ধারণা পাওয়া সম্ভব।

বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে স্থানীয় সরকার বিভাগ।