ঢাকা | শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

খুলনার চৌধুরী শফিকুল ইসলাম বিসিবির নতুন কাউন্সিলর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম সরকারি এম এম সিটি কলেজের সাবেক ভিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, খুলনা মোহামেডান ক্লাবের সদস্য এবং কমল স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন ক্রিকেট ও ক্রীড়া সংগঠনে যুক্ত রয়েছেন। রোববার রাতে নিজেই তিনি কাউন্সিলর মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি ঢাকার স্মারক নং-বিসিবি/নির্বাচন-২৬/২০২৬/ক্যাটাগরি-১/৩৯৪ (৫) অনুযায়ী সাধারণ পরিষদ ও কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে। জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রের ৯.১ (ক) ও (খ) ধারা মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে। এই আইনি ও প্রক্রাগত নিয়মের ভিত্তিতে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে বিসিবির কাউন্সিলর করা হয়েছে।

খুলনার ক্রীড়ামহলে তার মনোনয়নকে ঘিরে ইতোমধ্যে আনন্দ ও উৎসাহের ঢেউ বইছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন ও নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে কাউন্সিলর হিসেবে শফিকুল ইসলাম খুলনার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে ক্রিকেটের প্রসারে কার্যকর ভূমিকা রাখবেন।

কাউন্সিলর হিসেবে তিনি বোর্ডের নীতি নির্ধারণে অংশগ্রহণ করবেন এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট অবকাঠামো, প্রতিভা উন্নয়ন ও প্রতিযোগিতা প্রসারে ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।