ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর ঘটনায় জামিনে মুক্তি পেলেন তাসনিম আফরোজ ‘ইমি’

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি। তিনি বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে কারামুক্ত হন।

জেল সুপার কাওয়ালিন নাহার জানান, সকালে ইমির জামিনপত্র কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই করা হয়। কারাগারে অন্য কোনো আটকাদেশ না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ৩০ এপ্রিল ইমি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আবেদনের শুনানি করে রুলসহ এ আদেশ দেন।

প্রায় দুই মাস আগে রাজধানীর শাহবাগ থানার সামনে তাসনিম আফরোজ ইমি শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অডিও বাজান। ওই সময় তার সঙ্গে ছিলেন আসিফ আহমেদ, মামুনসহ কয়েকজন। পরিস্থিতি উত্তপ্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তাকে থানায় সোপর্দ করেন।

পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাতনামা ২০–৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।