ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

মোংলায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী মেরী বেগম গ্রেপ্তার

মোংলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ বছর বয়সী মেরী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

অভিযানটি নেতৃত্ব দেন এসআই (নি:) মোঃ ইমামুল ইসলাম। মোংলা থানার পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে মেরী মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তদন্তের পর তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গ্রেপ্তার মেরী বেগম মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ডের তাজমহল রোড (মুরগি বাজার) এলাকার মিজান হাওলাদারের স্ত্রী। পুলিশের কাছ থেকে জানা যায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মেরী বেগমের পরিবারের অন্যান্য সদস্যরাও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার আশঙ্কা রয়েছে। পুলিশের রেকর্ডে দেখা গেছে, তার বোন এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছেন এবং মেরী বা তার পরিবারের বিপরীতে মোংলা থানায় পাঁচটিরও বেশি মামলা রয়েছে।

মোংলা থানার পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছে।