ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪২ লাখ ডলার, জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান।

মুখপাত্রের কথায়, গত এপ্রিল মাসে রেমিট্যান্স আনা হয়েছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে ছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে এসেছে মোট ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি।

এর আগে গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা কোনো এক মাসের হিসাবে দেশের সর্বোচ্চ রেকর্ড। হিসাব অনুসারে ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাইয়ে ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা কোনো নির্দিষ্ট অর্থবছরের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়।