ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলের বিভাগীয় সমাবেশের সময়সূচি ঘোষণা

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

জোট জানায়, আগামী ১৬ মে রাজশাহী থেকে বিভাগীয় সমাবেশ শুরু হবে এবং এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ রায় দিলেও সরকার জনগণের সেই রায়কে উপেক্ষা করছে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তা মেনে না নিয়ে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার আশ্রয় নিয়ে ছলচাতুরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

জোটের ঘোষিত বিভাগীয় সমাবেশের সূচি অনুযায়ী: ১৬ মে — রাজশাহী; ১৩ জুন — চট্টগ্রাম; ২০ জুন — খুলনা; ২৭ জুন — ময়মনসিংহ; ১১ জুলাই — রংপুর; ১৮ জুলাই — বরিশাল; এবং ২৫ জুলাই — সিলেট।

তিনি জানান, আসন্ন ঈদুল আজহার কারণে মে মাসে কেবল একটি সমাবেশ রাখা হয়েছে। ঈদের ছুটির পর জুন থেকে পূরণ উৎসাহে আন্দোলন ও সমাবেশ কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এই বিভাগীয় সমাবেশগুলোতে সংশ্লিষ্ট বিভাগের সব জেলা ও মহানগরের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে ব্যাপকভাবে সম্পৃক্ত করা হবে।

বিভাগীয় সমাবেশের পাশাপাশি ১১ দল বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় সভারও পরিকল্পনা করেছে। বিশেষ করে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করে জনমত গঠনের ওপর জোর দেয়া হবে। এছাড়া দেশের সাতটি বিভাগে বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন চলমান থাকবে বলে তিনি জানান।

সরকারকে কোমর কাঁপিয়ে আক্রমণ করে হামিদুর রহমান তিনি আরও বলেন, ‘‘জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা চলছে — এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে। ছাত্র সমাজকেও এ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’’

তাঁর কথায়, ‘গণভোট অনুমোদিত জুলাই আদেশ’ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বর্তমানে জোটের দুই সপ্তাহব্যাপী কর্মসূচি চলছে। এর আগে গত ১৮ এপ্রিল রাজধানী এবং ২৫ এপ্রিল অন্যান্য মহানগরে ১১ দল গণমিছিল করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ২ মে দেশের সব জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।