যশোর সদরের তারাগঞ্জ বাজারে তদন্তে মৌখিক অভিযানে বিজিবি সদস্যরা ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তির নাম ও পরিচয় হলো ওয়াজিদ আলী আমিন আহমেদ, বয়স ৩১ বছর। তিনি ভারতের মুম্বাই শহরের থানে এলাকার ভিওয়ান্দি এলাকার আমিন আহম্মেদ আনসারীর ছেলে।
বুধবার বিকেলে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র একটি বিশেষ আভিযানিক টিম গোপন সূত্রের ভিত্তিতে যশোরের নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় তারা একটি যাত্রীবাহী বাসের তল্লাশি করে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ একজন ভারতীয় স্বর্ণ পাচারকারীকে আটক করে। পাশাপাশি তার কাছ থেকে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বাজার মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি বেশ কয়েকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চলতি মাসের ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানযোগে দুবাই যান, এরপর দুবাই থেকে ঢাকা আসেন। এরপর সড়কপথে তিনি ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেন।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে, এবং স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জমা দেওয়া হয়েছে যশোর কোতোয়ালী থানার মাধ্যমে।




