এপ্রিলের প্রথম ১৮ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন মোট ১৮০ কোটি ডলার রেমিট্যান্স। ঐ সময়ে প্রতি ডলার একুশে তিন টাকা মানে বাংলাদেশের স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ হাজার ১৪০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্সের পরিমাণ ১৬.২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের প্রথম ১৮ দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৩৪৭ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এই সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে প্রায় ২০.২ শতাংশ বৃদ্ধি ঘটে।
বিশ্লেষকরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা কর্মসূচি এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন রেমিট্যান্সের পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি অর্থবছরে মাসভিত্তিক প্রবাসী আয়ের পরিমাণ হলো: জুলাইয়ে ২৪৭.৭৮ কোটি ডলার, আগস্টে ২৪২.১৮ কোটি ডলার, সেপ্টেম্বর ২৬৮.৫৫ কোটি ডলার, অক্টোবরে ২৫৬.২৪ কোটি ডলার, নভেম্বর ২৮৮.৯৭ কোটি ডলার, ডিসেম্বরে ৩২২.৩৬ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭.১৬ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, এবং মার্চ মাসে রেকর্ড ৩৭৫.৫০ কোটি ডলার।




