ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত: ইসি

নির্বাচন কমিশন (ইসি) তিনটি আসনের — শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ — ফলাফল আপিল বিভাগে দায়েরকৃত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করবে না। এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জারি করা হয়েছে।

চিঠিগুলোতে বলা হয়েছে, আপিল বিভাগের ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট তিন প্রার্থীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। কিন্তু প্রতিটি বিষয়ে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ (CPLA) নং-এর চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না — এটাই ইসির আইনগত বাধ্যবাধকতা।

চট্টগ্রাম-৪ (নির্বাচনী এলাকা ২৮১) আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর ক্ষেত্রে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (উদ্বৃত: হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬) চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল স্থগিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম-২ (নির্বাচনী এলাকা ২৭৯) আসনের প্রার্থী সরোয়ার আলমগীর সম্পর্কেও একই নির্দেশনা দেওয়া হয়েছে; এখানে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (উদ্বৃত: হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৫৩/২০২৬) চূড়ান্ত না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ করা হবে না।

শেরপুর-২ (নির্বাচনী এলাকা ১৪৪) আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর ফলাফলও আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬-এর চূড়ান্ত আদেশের ওপর নির্ভরশীল বলে চিঠিতে বলা হয়েছে।

চিঠিগুলোতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্ত অনুধ্যায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের পরই ওই আসনগুলোর ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।