ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ডাক বিভাগের অধীনে থাকবে না ‘নগদ’, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞাপন আসছে

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা বৃদ্ধি করতে সরকার নগদ নামের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মকে বেসরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা এমএফএস খাতে আরও বেশি কার্যক্রম এবং প্রতিযোগিতা চালিয়ে যেতে চাই। এ জন্য সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমরা নগদকে বেসরকারি করণের সিদ্ধান্ত নিয়েছি এবং বিনিয়োগকারীদের এ বিষয়ে আনছি। বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে তিনি এ কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, ‘অর্থাৎ, সম্ভবত এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হবে।’ গভর্নর জানান, বর্তমানে ডাক বিভাগের অধীনস্থ নগদকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হবে কারণ ডাক বিভাগের এখন এটি পরিচালনার সক্ষমতা নেই। তিনি বলেন, ‘নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে একটি প্রযুক্তি কোম্পানিকে নিয়ে আসা অত্যন্ত জরুরি।’ গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, নতুনভাবে নগদকে গড়ে তুলতে পারলে এটি এমএফএস খাতে একজন প্রতিযোগী হিসেবে দাঁড়াতে সক্ষম হবে। সূত্র: শীর্ষনিউজ।