ঢাকা | রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস বললেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষেরই সমর্থন দেব না। বাংলাদেশের জনগণ যারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমরাও সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনও পক্ষের পক্ষ নেয় না। এর মূল কর্তৃত্ব এবং সিদ্ধান্তের অধিকার বাংলাদেশের জনগণের, এবং তাদেরই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকেই সমর্থন জানানো হবে। তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে, তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে ক্রিস্টেনসেন বলেন, আমি এই নির্বাচন নিয়ে খুবই উৎসাহিত। আমি এই উৎসবমুখর নির্বাচনের ফলাফল দেখতে মুখিয়ে আছি।

তিনি আরও বলেন, গত সপ্তাহে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জানতে পারলাম, তিনি আশাবাদী যে নির্বাচনের দিনটি একটি আনন্দময় ও উৎসবমুখর দিন হবে। আমি আশা করি, ভোটাররা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করবেন।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন উল্লেখ করেন, সিইসি যে তথ্যগুলো শেয়ার করেছেন, তাতে আমি খুবই খুশি। আমি আশাবাদী, আপনি এবং আপনার সংস্থার মাধ্যমে একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি ১২ ফেব্রুয়ারির ফলাফলের জন্য অপেক্ষা করছি এবং নিশ্চিত আছি, এই নির্বাচনটি সফলভাবে সম্পন্ন হবে।