ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারকে সতর্ক করে বলেছেন, ‘জুলাই সনদ এবং জাতির প্রত্যাশা দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে; জুলাই আমাদের স্মরণ করিয়ে দিয়েছে, ক্ষমতা চিরস্থায়ী নয়।’
রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং প্রায় ৫০০ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনি বারবার একই লোকদের হাতে দেশ তুলে দিলে দেশ, জনগণ ও ইসলামও নিরাপদ থাকে না।’
চরমোনাই পীর রাজনৈতিক দল ও দেশের জনগণের উদ্দেশে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষদের হাতে দিতে হবে, না হলে একই ধরনের সংকট ও ব্যর্থতা বারবার পুনরাবৃত্তি হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।




