জি-৭ সম্মেলন চলাকালীন ফ্রান্সের এভিয়ানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাহ্যিক সৌন্দর্য ও কঠোর মনোভাব নিয়ে হাস্যরস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ জুন) দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের ফাঁকে ট্রাম্প মোদির ভূয়সী প্রশংসা করতে গিয়ে বলেন, ‘নরেন্দ্র মোদি দেখতে একেবারেই দেবদূতের মতো — শান্ত ও সুন্দর। কিন্তু বাস্তবে তিনি একজন পেশাদার কিলারের মতোই কঠোর ও শক্ত চরিত্রের মানুষ।’ তিনি মোদিকে ‘কঠোর ব্যবসায়ী’ হিসেবেও আখ্যা দেন।
ট্রাম্প আরও বলেন, ‘তিনি কঠোর সমঝোতাকারী। তাকে দেখলে অনেকেই ভাবেন সে নরম মনের মানুষ, কিন্তু আমি জানি তিনি অত্যন্ত কঠোর। চেহারাটা এতই সুন্দর যে অনেক সময় তিনি আপনাকে চমকিয়ে দিতে পারেন। পৃথিবীতে এমন মানুষ খুব কম দেখা যায়।’
হোয়াইট হাউস ভারতের প্রতি বন্ধুত্বের দরজা সবসময় খোলা থাকবে — এই আশ্বাসও দেন ট্রাম্প। ‘যতদিন আমি আমেরিকার প্রেসিডেন্ট থাকব, হোয়াইট হাউসে ভারতকে একজন দারুণ বন্ধু হিসেবে পাবেন। এখানকার সবাই ভারতকে ভালোবাসে এবং মোদিকে গভীরভাবে শ্রদ্ধা করে,’ তিনি বলেন।
ট্রাম্প ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের সম্পর্ক চমৎকার। যদি কেউ ভারতকে আক্রমণ করে, আমরা তাদের সাহায্য করতে সেখানে উপস্থিত থাকব। যদি কেউ ওই মানুষটিকে আক্রমণ করে, আমরা সেখানে উপস্থিত হব।’
পশ্চিম এশিয়ায় ভারতের ভূমিকা সম্পর্কে প্রশ্নে ট্রাম্প ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি ভারত সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যতদিন মোদি নেতৃত্বে আছেন, ভারত বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে।’
বৈঠকে ট্রাম্প মোদিকে নিজের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও সফলতার কথাও তুলে ধরেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র অর্থনীতিগতভাবে এখন ভালো অবস্থানে আছে এবং ভারতও সেখানে বড় ধরনের বিনিয়োগ করছে। ‘আমাদের অর্থনীতি বর্তমানে ইতিহাসের সেরা পারফরম্যান্স দেখাচ্ছে — প্রায় ১৯.২ ট্রিলিয়ন ডলারের বেশি। আমাদের দেশে নতুন কারখানা তৈরি হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীও এখানে বড় বিনিয়োগ করছেন,’ তিনি বলেন।
মোদিও বৈঠকে ট্রাম্পের বৈশ্বিক শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনায় ট্রাম্পের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি এবং আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপ দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি বজায় রাখতে সহায়ক হবে।
উল্লেখ্য, ট্রাম্প বৈঠকে হিউস্টনের ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের কথা স্মরণ করে বলেন, তখন স্টেডিয়ামটি প্রায় পূর্ণ ছিল এবং ভবিষ্যতে আবারও ভারতে সশরীরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
সূত্র: এনডিটিভি




