ঢাকা | বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

খুলনায় বাড়ি ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ কাজী লবণচরা থানা কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে রাশেদ বাড়িতেই ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাশেদকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যুর ঘোষণা দেন।

লবণচরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের পরিচিত ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা এবং হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।