ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ, পাকিস্তান ও আফগান নাগরিকদের জন্য ভারতের নাগরিকত্বে নতুন শর্ত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে এই তিন দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সময় তাদের নিজের দেশের পাসপোর্ট সংক্রান্ত অবস্থা লিখিতভাবে জানাতে হবে এবং একটি ঘোষণাপত্র (ডিক্লারেশন) জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে হলে তাকে সেই পাসপোর্টের নম্বর, জারির তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখের মতো বিবরণ দিতে হবে। পাশাপাশি আবেদনকারীকে লিখিতভাবে প্রতিজ্ঞা করতে হবে যে নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিয়ে দেবেন।

কেন্দ্রীয় সরকার এই অনুচ্ছেদটিকে বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত করেছে। উল্লেখ্য, ১সি তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আগত নির্দিষ্ট অমুসলিম সম্প্রদায়ের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান) নাগিকত্ব সংক্রান্ত নিয়মের ওপর প্রযোজ্য।

২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিহীন অমুসলিমরা নাগরিকত্ব পাওয়ার সুযোগ পান। এপরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার ২০০৯ সালের বিধি সংশোধন করে এর প্রয়োগকে আরও সুস্পষ্ট ও আনুগত্যপূর্ন করতে এই নতুন নির্দেশিকা জারি করেছে।

সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সংশ্লিষ্ট পদক্ষেপ এখন থেকে কার্যকর হবে। সূত্র: আনন্দবাজার