ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ উদ্বোধনে ঝড় তুলবে ব্ল্যাকপিঙ্কের লিসা

আর মাত্র কয়েক সপ্তাহ—আগামি মাসে শুরু হতে যাচ্ছে ফুটবল উৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬। সেই উন্মাদনাকে আরও রোমাঞ্চকর করতে উদ্বোধন অনুষ্ঠানের লাইনআপে যোগ দিলেন ব্ল্যাকপিঙ্কের লিসা। কনকাকাফ জানিয়েছে, নারী কে-পপ শিল্পী হিসেবে লিসা উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে এ বছর বিশ্বকাপ আয়োজেন করছে। তাই উদ্বোধনী অনুষ্ঠানটিও তিনটি ভিন্ন মঞ্চে ভাগ করে প্রদর্শিত হবে—প্রতিটি হোস্ট দেশের নির্দিষ্ট স্টেডিয়ামে বিশেষ শো হবে।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের খবরে বলা হয়েছে, লিসা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সঙ্গে পারফরম্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন। এ পদক্ষেপ জল্পনা শেষ করে দিয়েছে যে উত্তর আমেরিকার মঞ্চে একজন আন্তর্জাতিক স্তরের কে-পপ তারকা পরিবেশন করবেন। অতীতে ২০২২ কাতার বিশ্বকাপে বিটিএসের জুংকুক উদ্বোধনী অনুষ্ঠানে অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘ড্রিমার্স’ পরিবেশন করেছিলেন—এবার সেই ধারাবাহিকতাকে এগিয়ে নিচ্ছেন লিসা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোফি স্টেডিয়ামে, যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের আগে লিসা পারফর্ম করবেন। ওই মঞ্চে কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেকও থাকবেন।

টরন্টোর মঞ্চে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও অ্যালেসিয়া কারা। আর মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় পারফর্ম করবেন রক ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা ও তাইলা।

প্রতিটি মঞ্চের শো-টাইমের আয়োজনও নির্দিষ্টভাবে করা হয়েছে—যুক্তরাষ্ট্র ও কানাডার মঞ্চগুলোতে প্রতিটি শো হবে ১৩ মিনিট, আর মেক্সিকো মঞ্চটি চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড।

মিউজিক ও খেলার এ মিলন বিশ্বকাপকে আরও উৎসবমুখর করবে বলে অনেকে ধারণা করছেন। লিসাসহ আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ বিশ্বব্যাপী দর্শক ও ভক্তদের জন্য উদ্বোধনী রাত্রিটিকে স্মরণীয় করে তুলবে।