ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসদের রীতি মেনে প্রধানমন্ত্রীর আচরণ প্রশংসিত

বুধবার (২৯ এপ্রিল) মধ্যাহ্ন বিরতির পর সংসদের বিকেল অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি নিজ আসনে না বসে বক্তার সামনের সারির ওপর দিয়েই পেছনে দুই সারি বসেন এবং আইনমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পরে নিজের আসনে ফিরে যান।

সংসদের চলমান রীতির মধ্যে আছে—যখন কোনো সদস্য কেন্দ্রীয় মঞ্চে বক্তব্য দিচ্ছেন, তখন তাঁর সামনে দিয়ে হেঁটে যাওয়া বা ওই লাইনের সামনে বসা উচিত নয়। প্রধানমন্ত্রীর এই আচরণকে সেই রীতি মেনে চলা হিসেবে দেখা হয়েছে।

এ ঘটনার পর ডেপুটি স্পিকার কায়সার কামাল তা উত্থাপন করে সংসদ সদস্যদের কাছে এ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটি শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্যরা তা পর্যবেক্ষণ করব। মাননীয় আইনমন্ত্রীর সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার; যেহেতু ফ্লোর ক্রসিং হবে, তাই তিনি দুই সারি পেছনে বসেন। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আসুন আমরা শিক্ষা গ্রহণ করি।”

ডেপুটি স্পিকারের মন্তব্যে সংসদিক শৃঙ্খলা ও পার্লামেন্টারি রীতির প্রতি গুরুত্ব আরোপিত হয়েছে। সংসদ সদস্যদের মধ্যে ভদ্রতা ও নিয়মাবলীর প্রতিফলন বজায় রাখার আহ্বানও তিনি জানান।