ঢাকা | মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনার দৌলতপুরের ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ক্লাবের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য ও উত্তেজনাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অতিথির বক্তৃতায় তিনি ক্লাবের ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পুরনো ও ঐতিহ্যবাহী ক্লাবগুলো যেন আধুনিক খেলাধুলায় উপযুক্ত হয়ে ওঠে, সেই ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, তিনি জোর দিয়ে বলেন, এই ক্লাবের কার্যক্রম যেন সরাসরি মানুষের কল্যাণে কাজ করে এবং সাধারণ মানুষ উপকৃত হয়, এ লক্ষ্যকেই সামনে রেখে কাজ করতে হবে। বিশেষ করে যুব সমাজকে মাদকের দশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প কিছু নেই বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি জেলা শিল্পাঞ্চলগুলো পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে উৎপাদনশীল কাজে ব্যস্ত রাখতে আহ্বান জানান। খেলাধুলা ও সুস্থ বিনোদনই সমাজ থেকে অপরাধ ও নেশার অন্ধকার কাটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগগুলো ভবিষ্যতে খুলনার ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করে তুলবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সরদার রাফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি সভাপতি মোঃ মুর্শিদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শেখ ইমাম হোসেন ও বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। এ সময় ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।