ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা

কুমিল্লা জেলা প্রশাসন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহতদের পরিবারকে প্রতি জন ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে। রোববার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক মু. রেজা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত কমিটির মধ্যে রয়েছেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

ঘটনাটি ঘটে শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহন নামের যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়ে বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে পর্যন্ত নিয়ে যায়। প্রথম দিকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর চট্টগ্রাম সার্কিটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষও ঘটনাটির তদন্তে দুটি আলাদা কমিটি গঠন করেছে। ট্রেন উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে বলে চট্টগ্রাম রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান। উদ্ধার ও তদন্ত কাজ চলছে।