ঢাকা | সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পোল্ট্রি ফার্মের বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

সাতক্ষীরার কলারোয়ায় একটি পোল্ট্রি ফার্মের চারপাশের পর্দা খোলা নিয়ে বিরোধের জেরে ভয়ংকর ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেডবাড়ি গ্রামে ফার্ম মালিকের ছুরিকাঘাতে মোঃ ইব্রাহিম হোসেন (২৭) নামে এক যুবক নিহত হন। আহত অবস্থায় তার বড় ভাই মোঃ রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ঘাতক আরিফ হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে।

নিহত ইব্রাহিম হোসেন কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেডবাড়ি গ্রামের সোলেমান সরদারের ছেলে। পুলিশ জানায়, কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের এই গ্রামের আরিফুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নিজ বাড়ির চলার খামার চালাতেন। খামার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশেপাশের লোকজন ক্ষোভে ভুগলেও ভয় পেয়ে কেউ প্রকাশ্যে মামলা বা প্রতিবাদ করেননি। তবে শীতকালীন সময়ে খামার চারপাশে পর্দা দিয়ে সুরক্ষা করা হয়েছিল। গরমের কারণে সোমবার দুপুরে আরিফুল হোসেন ফার্মের পর্দা খুলতে শুরু করলে, সেখানে রমজান মাসে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় রুহুল আমিন তাকে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফুল হোসেন ছুরি নিয়ে রুহুল আমিনের ওপর আঘাত করেন। ঘটনা দেখে তার ছোট ভাই ইব্রাহিম এগিয়ে গেলে, তাকেও উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়।

উল্লেখ্য, গুরুতর আহত রুহুল আমিনকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানে চিকিৎসকেরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুল হোসেন, তার বাবা জামাল উদ্দিন, স্ত্রী সাথী ও মা শাহানারা খাতুনকে গ্রেফতার করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন হোসেন জানান, এই ঘটনাটি তদন্ত শেষে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবার মামলা প্রস্তুত করছে।